মসজিদ কমিটির সভাপতিকে মারধর ও অপরহরণচেষ্টার ঘটনায় বরিশালে ওয়ার্ড বিএনপির নেতা সাগর উদ্দিন মন্টিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সদর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গ্রেফতার সাগর উদ্দিন মন্টি বরিশাল সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ড বিএনপির সদস্য বহিষ্কৃত আহবায়ক ও নগরীর বায়তুল মোকাররম জামে মসজিদের সেক্রেটারি।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, গ্রেফতার মন্টির বিরুদ্ধে হামলা, মারধর ও অপহরণচেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর ওপর মন্টির নেতৃত্বে হামলা হয়। এ সময় মারধর করে তাকে তুলে নিয়ে যেতে চান সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই দিনই সাগর উদ্দিন মন্টি, সহযোগী শাকিব হোসেনসহ ৪/৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। পর দিন হামলাকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেন মসজিদের মুসল্লিরা।
এসব বিষয়ে তদন্তে নেমে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় সাগর উদ্দিন মন্টিকে ১৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়কের পদ থেকে এবং একই ওয়ার্ডের সদস্য সচিব আরমান সিকদার নুন্নাকে বহিষ্কার করে মহানগর বিএনপি। সময় নিউজ