নরসিংদীর শিবপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মনোহরদী-শিবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, নরসিংদী সরকারি কলেজের প্রভাষক শিবপুর উপজেলার বৈলাব গ্রামের আবুবকর সিদ্দিক, অটোরিকশার যাত্রী মারুফা বেগম ও চালক শাহিন মিয়া। অন্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবপুরের ইটাখোলা মোড় থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদী যাচ্ছিল। পথে পঁচারবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ছয়জন যাত্রী নিহত হন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন। তিনি বলেন, ঘটনাস্থলে নিহতদের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাকটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দল। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।