গাজীপুর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের টঙ্গীতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পূর্ব আরিচপুর রূপবানের টেক এলাকায় নিজ বাসায় ধারালো অস্ত্রের আঘাতে দুই শিশু নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয় বছর বয়সী মালিহা এবং চার বছর বয়সী আব্দুল্লাহ রয়েছে। এই ঘটনাটি ঘটে শুক্রবার বিকেল পাঁচটার দিকে।
নিহত শিশুদের বাবা আব্দুল বাতেন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গীর রূপবানের টেকের একটি আট তলা ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে, নিহত শিশু দুটি ভাই বোন। শুক্রবার বিকেলে তাদের বাবা যখন বাসার বাইরে ছিলেন, তখন তাদের মা সালেহা বেগম বাসায় ছিলেন। কিছুক্ষণ পর বাতেন মিয়া বাসায় ফিরে এসে দেখেন তাদের দুই সন্তানের রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম দুটি শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য নিহত শিশুদের মা সালেহা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।