
সাতক্ষীরার শ্যামগরে সেনাবাহিনীর অভিযানে ২১০ কেজি বাগদা ও গলদা চিংড়িসহ পুশকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের মাছ ব্যবসায়ি আতাউর রহমানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার খাগড়াদানা গ্রামের কওছার মোড়লের ছেলে মো: আতাউর মোড়ল ও একই গ্রামের শওকত মোল্লার মেয়ে ছামিয়া বেগম।
শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত জানান, ডিজিএফআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাহিদ হোসেনের নেতৃত্বে সেনা সদস্যরা উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের মাছ ব্যবসায়ি আতাউর রহমানের বাড়িতে বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। ময়দা ও সাবুদানা পুশকৃত ২১০ কেজি বাগদা ও গলদা চিংড়িসহ পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
এ সময় পুশকাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত মাছের একাংশ কেরোসিনের আগুনে নষ্ট করা হয়। অপেক্ষাকৃত কিছু ভাল মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়।