নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শরীয়তপুরের জাজিরা ও কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দুটি দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকালে ও সন্ধ্যায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
জাজিরায় সকালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— কুতুবপুর দারুল উলুম মাদ্রাসার শিক্ষক আবু নাঈমের ছেলে সিয়াম (৩) এবং একই গ্রামের দুলাল মল্লিকের ছেলে আবদুল্লাহ (৪)।
স্থানীয় আজহার মোল্লা বলেন, “বাচ্চা দুইটা প্রতিদিন একসঙ্গে খেলত। আজও খেলতে বের হয়ে আর ফিরে আসেনি।” স্থানীয় রুবিনা বেগম জানান, খোঁজাখুঁজির পর পুকুরে তাদের মৃতদেহ পাওয়া যায়।
নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর ঢালী বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দুটি পরিবারের জীবন যেন থেমে গেছে।” তিনি শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।
একই দিন সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের ফেলনা পশ্চিম পাড়া এলাকায় লাকসাম-চৌদ্দগ্রাম সড়কে একটি ট্রাক যাত্রীবাহী অটো সিএনজি ও মিশুককে চাপা দিলে তিনজন নিহত ও পাঁচজন আহত হন।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠাই। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।”