নগরকান্দা সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফরিদপুরের সদরপুর উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় আসন্ন রাষ্ট্রীয় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজন। বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস জাতির গৌরব, ত্যাগ ও মুক্তির চেতনার প্রতীক। দিবসগুলো সঠিক মর্যাদায় পালনে সকলের সহযোগিতা অপরিহার্য। শেষে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দায়িত্বশীলভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান করেন।