মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ গ্রামীণ সংযোগপথ দরবেশহাট–চরম্বা রবারড্যাম সড়কের ১৮ ফুট সম্প্রসারণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে খানা-খন্দকে ভরা ঝুঁকিপূর্ণ এই সড়কে যান চলাচল ছিল সীমিত। বিশেষ করে ইটবাহী ভারী ট্রাকের নিয়মিত চলাচলে সড়কটির অবস্থা ভয়াবহ রূপ নেয়, যার ফলে যাত্রী ও স্থানীয়দের দুর্ভোগ চরমে ওঠে। জনজীবনের স্বাভাবিক ছন্দ প্রায় অচল হয়ে পড়ে। এ অবস্থায় একাধিক সংবাদ প্রকাশ ও লাইভ সম্প্রচারের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে দ্রুত উদ্যোগ নিয়ে সড়কটি ১৮ ফুটে উন্নীত করার প্রকল্প গ্রহণ করা হয়। কাজ শুরুর খবর পেয়ে এলাকায় স্বস্তির বাতাস বইছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তবে স্থানীয়রা সম্ভাব্য অনিয়ম নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা—প্রকল্পের প্রতিটি ধাপে মান বজায় রেখে কাজ সম্পন্ন হবে, যাতে সড়কটি দীর্ঘমেয়াদে টেকসই ও নিরাপদ থাকে। কেননা এ সড়ক শুধু যাতায়াত সুবিধাই নয়, বরং স্থানীয় অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে বিশ্বাস মানুষের।
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, “রাস্তা সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১১ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং ২০২৬ সালের মধ্যে প্রকল্পের পুরো কাজ শেষ হবে।দরবেশহাট–চরম্বা রবারড্যাম সড়কের এই উন্নয়নকাজ এলাকাবাসীর জন্য নিরাপদ যোগাযোগ সুবিধা ও স্থানীয় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে—এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।