মিরসরাই প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী একটি চলন্ত কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোরে বারইয়ারহাট পৌরসভা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে আগুন লাগার সাথে সাথে চালক ও তাঁর সহকারী দ্রুত গাড়ি থেকে লাফিয়ে নামায় বড় ধরণের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস লিকেজ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মশা মারার বৈদ্যুতিক ব্যাট (মসকিউটো কিলার) বোঝাই কাভার্ডভ্যানটি চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। ভোর আনুমানিক ৬টার দিকে গাড়িটি বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় পৌঁছালে হঠাৎ এর কেবিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
গাড়ির চালক ও সহকারী আগুনের তীব্রতা দেখে চলন্ত অবস্থাতেই মহাসড়কে লাফিয়ে পড়েন। পরবর্তীতে তাঁরা পাশের ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই তাঁদের কর্মীরা তৎপর হওয়ায় আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনে গাড়ির কেবিন ও ভেতরে থাকা পণ্যের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় মহাসড়কের ওই অংশে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।