মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের অদূরে অবস্থিত বটতলী মোটর স্টেশন এখন দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল কেন্দ্রে পরিণত হয়েছে। এই স্টেশনকে ঘিরে গড়ে উঠেছে হাজারো ছোট-বড় দোকানপাট, অসংখ্য বহুতল মার্কেট এবং বিস্তৃত আবাসন ব্যবস্থা। প্রতিদিন আশপাশের গ্রামসহ দূর-দূরান্ত থেকে অগণিত মানুষ এখানে আসেন নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের জন্য। এক সময় যেসব পণ্যের জন্য চট্টগ্রাম শহরে যেতে হতো, বর্তমানে তার প্রায় সবকিছুই বটতলী স্টেশনেই সহজলভ্য হয়ে উঠেছে। ফলে মানুষের সময় ও অর্থ—উভয়েরই সাশ্রয় হচ্ছে।
বটতলী স্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে এখানে জনসংখ্যার চাপও উল্লেখযোগ্য হারে বেড়েছে। উপজেলা সদর থেকে দূরের প্রত্যন্ত এলাকার মানুষ উন্নত সুযোগ-সুবিধার আশায় গ্রাম ছেড়ে এসে এখানে ভাড়া বাসায় বসবাস করছেন। এতে করে বটতলী এলাকা ক্রমেই জনকাকীর্ণ নগরীতে রূপ নিচ্ছে।
তবে এই উন্নয়ন ও জনসমাগমের বিপরীতে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে পথচারীদের নিরাপত্তা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর দিয়ে প্রতিনিয়ত অসংখ্য যানবাহন চলাচল করায় রাস্তা পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দ্রুত একটি নিরাপদ ফুট ওভারব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি। এতে করে পথচারীরা নিরাপদে সড়ক পারাপার করতে পারবেন এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বটতলী মোটর স্টেশন আজ যেমন অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক, তেমনি সঠিক পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এটি হতে পারে একটি আদর্শ আধুনিক জনপদ।