ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে পৃথক পৃথক স্থানে এসব ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে, যেখানে চারটি উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—ধর্মপাশার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নুর জামাল (২৬), তাহিরপুরের আবুল কালাম (২৫) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩০)। তারা অধিকাংশই হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন।
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর এলাকার সখিপুরে বজ্রপাতে তালেব উদ্দিন (৬০) ও মিলন মিয়া (৪০) নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন গৌরীপুরের রহমত আলী উজ্জ্বল (৩০) এবং গফরগাঁওয়ের মমতাজ আলী খান (৫৮)।
এছাড়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মমিনা হাওড়ে ধান কাটার সময় সুনাম উদ্দিন (৬০), কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে কাজ করার সময় হলুদ মিয়া এবং নেত্রকোনার আটপাড়ায় ঘাস কাটতে গিয়ে আলতু মিয়া (৬৫) বজ্রপাতে নিহত হন।
প্রতিটি ঘটনায় স্থানীয় প্রশাসন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।