প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের শরণখোলা উপজেলার খুঁড়িয়াখালী গ্রামে সুন্দরবন থেকে ভেসে আসা একটি মায়াবী চিত্রল হরিণ উদ্ধার করে পুনরায় বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ।
রবিবার (১৯ এপ্রিল) সকালে হরিণটি নদী পার হয়ে স্থানীয় বাসিন্দা জামাল মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। স্থানীয়দের ধারণা, বাঘের আক্রমণের ভয়ে অথবা দল থেকে বিচ্ছিন্ন হয়ে প্রাণীটি লোকালয়ে চলে আসে।
খবর পেয়ে বনবিভাগের সদস্য, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এবং স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিরাপদে উদ্ধার করেন।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, হরিণটি ভেজা অবস্থায় বাড়ির ভেতরে আশ্রয় নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, উদ্ধার হওয়া স্ত্রী হরিণটির ওজন প্রায় ২৫ কেজি। পরে সকাল ১০টার দিকে রেঞ্জ অফিসের পাশের বনে সেটিকে অবমুক্ত করা হয়।
তিনি আরও জানান, সুন্দরবনের হরিণ সাধারণত খুবই ভীতু প্রকৃতির প্রাণী। ভয় পেলে তারা দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে। তবে সংশ্লিষ্ট দলের দ্রুত পদক্ষেপে হরিণটিকে নিরাপদ ও সুস্থ অবস্থায় আবার বনে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।