বগুড়া সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়া সফরে গিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনা পেয়েছেন তারেক রহমান। সফরকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
সোমবার শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকায় এক শিশুর ব্যতিক্রমী অভ্যর্থনা এই সফরের একটি আলোচিত ঘটনা হয়ে ওঠে। গাবতলীর বাগবাড়িতে নিজের পৈতৃক ভিটায় যাওয়ার পথে ওই শিশু প্রধানমন্ত্রীকে টাকার মালা পরিয়ে দেয়।
প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী মালাটি গ্রহণ করে আবার শিশুটির গলায় পরিয়ে দেন। এ সময় তিনি পাশের আরেকটি শিশুর মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন, যা উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
এর আগে সফরপথে হাজারো মানুষ রাস্তার পাশে ভিড় করে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কেউ ফুল দিয়ে, কেউ হাত নেড়ে তাকে বরণ করেন।
পথের পাশে অপেক্ষমাণ মানুষের উদ্দেশে বাস থেকে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, তিনি বহু বছর পর এলাকায় ফিরেছেন। তিনি নিজেকে এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, “আমি আপনাদেরই সন্তান। আগে নিয়মিত গাবতলীতে আসতাম। আপনাদের দোয়া না হলে কে দোয়া করবে?”
তিনি আরও বলেন, সবার দোয়া কামনা করে তিনি যেন মানুষের জন্য ভালো কাজ করতে পারেন। একই সঙ্গে ভবিষ্যতে আবারও আসার আশ্বাস দেন।