যশোর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার উলাসী খালপাড়া এলাকার শাহিন হোসেন এবং উলাসী গ্রামের তোফাজ্জেল হোসেন।
পুলিশ জানিয়েছে, শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেলের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।