প্রিন্স মন্ডল অলিফ, চিতলমারী প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাট জেলা পর্যায়ে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা বিকাশমূলক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চিতলমারী উপজেলা দল। এ জয়ের মাধ্যমে দলটি আগামী ১৯ মে খুলনা বিভাগীয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
সোমবার (১১ মে) বাগেরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চিতলমারী উপজেলা দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে। জবাবে মোরেলগঞ্জ উপজেলা দল ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৬ রান তুলতে সক্ষম হয়। ফলে ১ রানের রোমাঞ্চকর জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চিতলমারী।
ম্যাচ শেষে চিতলমারীর খেলোয়াড় আলী মাহামুদ নোবেল সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক মো. আব্দুল বাতেন।
চিতলমারী উপজেলার সাবেক খেলোয়াড় ও ক্রীড়া শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন বিন্দু এবং ক্রীড়া সংগঠক মো. সাইদুর রহমান সেলিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মঙ্গলবার (১২ মে) বিকেলে চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ী দলকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রতিটি খেলোয়াড়কে রজনীগন্ধা ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, “এবার তোমরা চিতলমারী উপজেলার হয়ে খেলেছ, আগামীতে খেলবে বাগেরহাট জেলার হয়ে। নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফসহ আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।