ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ওমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার প্রবাসী ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সময় মঙ্গলবার ওমানের আল মিলিদ্দা আল মোছানা এলাকায় একটি পার্কিংয়ে প্রাইভেটকারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, বড় দুই ভাই সিরাজ ও শহিদের শুক্রবার দেশে ফেরার কথা ছিল। দেশে এসে তাদের বিয়ের প্রস্তুতিও চলছিল। তবে হঠাৎ মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোক।
নিহতদের ছোট ভাই মো. এনাম জানান, চার ভাই একসঙ্গে কেনাকাটার জন্য বের হয়েছিলেন। পথে তারা একটি রেস্টুরেন্টে খাবার খান বলেও জানা গেছে। তবে খাবারে বিষক্রিয়া, নাকি গাড়ির এসি বিস্ফোরণের কারণে মৃত্যু হয়েছে—তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করছে ওমান পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, পরিবারের অসুস্থ বৃদ্ধা মাকে এখনো চার সন্তানের মৃত্যুর খবর জানানো হয়নি। একসঙ্গে চার ছেলের মৃত্যুর সংবাদ তিনি সহ্য করতে পারবেন না আশঙ্কায় বিষয়টি গোপন রাখা হয়েছে।
ইউপি সদস্য আমির হোসেন সুমন বলেন, মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।