গাইবান্ধার পলাশবাড়ীতে দ্রুতগতির একটি যানবাহনের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক হাসান আলী প্রধান রয়েছেন। এ ঘটনায় আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে হাসান আলী প্রধান (২৬) এবং একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে সিদ্দিক উদ্দিন (৩৫)। সিদ্দিক উদ্দিন পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে অটোরিকশাযোগে তারা পলাশবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত একটি দ্রুতগতির যানবাহন অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসান আলী ভোরে এবং সিদ্দিক উদ্দিন দুপুরে মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক ফারুক হোসেন জানিয়েছেন, নিহত দুজনের ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক যানটি শনাক্তের চেষ্টা চলছে।