নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিশ্ববাজারে কাঁঠালের চাহিদা ও বাণিজ্য দ্রুত বাড়লেও উৎপাদনে শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ এখনো রপ্তানিতে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে পারেনি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, বৈশ্বিক কাঁঠাল রপ্তানিতে বাংলাদেশের অংশ মাত্র ০.৩ শতাংশ।
তথ্য অনুযায়ী, ২০১২ সালে বিশ্বব্যাপী কাঁঠাল রপ্তানির বাজার ছিল ২০০ কোটি মার্কিন ডলার, যা ২০২৩ সালে বেড়ে ৩৭০ কোটি ডলারে পৌঁছেছে। বর্তমানে ভিয়েতনাম, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, চীন ও ইকুয়েডর মিলিয়ে বৈশ্বিক রপ্তানির ৬০ শতাংশের সঙ্গে যুক্ত। এর মধ্যে এককভাবে ভিয়েতনামই বাজারের ২৫ শতাংশ দখল করে আছে।
চীন বিশ্বের সবচেয়ে বড় কাঁঠাল আমদানিকারক দেশ এবং তাদের চাহিদার বড় অংশ ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে আসে। অন্যদিকে, বাংলাদেশের কাঁঠাল রপ্তানির প্রায় ৮৫ শতাংশ যায় যুক্তরাজ্য, ইতালি, কানাডা ও ফ্রান্সে, যার মধ্যে শুধু যুক্তরাজ্যের অংশই ৭৬ শতাংশ।
এ প্রেক্ষাপটে বিশ্লেষকদের মতে, চীন ও বাংলাদেশের মধ্যে কাঁঠাল বাণিজ্য সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।