মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার এস. আলী মার্কেটে একটি ব্যবসা প্রতিষ্ঠান জবরদখলের চেষ্টা, ৫ লাখ টাকা চাঁদা দাবি, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সরওয়ার জামাল (৪৮) কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী গ্রামের মরহুম আলী আহমদ সওদাগরের ছেলে সরওয়ার জামাল দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার এস. আলী মার্কেটে তার পিতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পিতার মৃত্যুর পর তিনি উত্তরাধিকারসূত্রে পিতার সালামির দোকানটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং তখন থেকেই একই প্রতিষ্ঠানে নিয়মিত ব্যবসা পরিচালনা করে আসছেন।
লিখিত অভিযোগে সরওয়ার জামাল উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে বাজারঘাটা এলাকার এস. আলী মার্কেটে অবস্থিত “মিষ্টি পান বিতান ও ডাল পিষার দোকান” পরিচালনা করে আসছেন। গত কয়েক মাস ধরে একটি পক্ষ তার ব্যবসা প্রতিষ্ঠানটি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগে আরও বলা হয়, দোকান পরিচালনা অব্যাহত রাখতে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি ওই দাবি প্রত্যাখ্যান করলে অভিযুক্তরা তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ১৬ আগস্ট ২০২৫ সকাল সাড়ে ৯টার দিকে তিনি দোকান খুলতে গেলে অভিযুক্ত ব্যক্তি দোকানে তালা লাগিয়ে দেন এবং পুনরায় ৫ লাখ টাকা দাবি করেন। এ সময় বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে আহত অবস্থায় তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ব্যবসায়ী সরওয়ার জামাল আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।