মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার (১২ আগস্ট), ২০২৬ | সন্ধ্যা ৬টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনের মাংসের বাজারের কসাইখানাগুলোর বর্জ্য সরাসরি বোয়ালিয়া খালে ফেলার অভিযোগ উঠেছে। এতে খালের পানি দূষিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার বোয়ালিয়া খালসংলগ্ন কয়েকটি কসাইখানায় প্রতিদিন পশু জবাই ও প্রক্রিয়াজাত করা হয়। জবাইয়ের পর রক্ত, নাড়িভুঁড়ি ও মাংসের উচ্ছিষ্টসহ বিভিন্ন বর্জ্য যথাযথভাবে অপসারণ না করে সরাসরি খালে ফেলা হচ্ছে। এতে খালের পাড় ও পানিতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পোকামাকড়ের উপদ্রব বাড়ছে।
বটতলী বাজারের ক্রেতাদের দাবি, বাজারের অধিকাংশ মানুষ জানেন না তাদের কেনা মাংস কী পরিবেশে প্রক্রিয়াজাত করা হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ ওই বাজার থেকে মাংস কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
সরকারের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২১ অনুযায়ী জলাশয়ের পাশে জবাইখানা স্থাপনের ওপর বিধিনিষেধ রয়েছে। অথচ বোয়ালিয়া খালসংলগ্ন এসব কসাইখানা কর্তৃপক্ষের অনুমোদন ও তদারকির আওতায় আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ ও পরিবেশ অধিদপ্তর দ্রুত সরেজমিনে তদন্ত করুক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে খালে বর্জ্য ফেলা বন্ধ এবং কসাইখানাগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।