ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে দুটি পৃথক দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের প্রস্তাব দিয়েছে এবং আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব (আরসিইপি) চুক্তিতে যোগদানে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরে (ডিএফএটি) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। অস্ট্রেলিয়ার ডিএফএটির ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রবি কেওয়ালরাম ও সারা স্টোরির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন তারা।
বৈঠকে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির সময়সীমা ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য জাতিসংঘে করা আবেদনে অস্ট্রেলিয়ার সমর্থনও চাওয়া হয়। উত্তরণের পর বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানানো হয়।
এফটিএর প্রস্তাবের বিষয়ে অস্ট্রেলিয়া সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। দুই দেশের বাণিজ্য বাড়াতে উচ্চমূল্যের পোশাক উৎপাদন, পরিচ্ছন্ন জ্বালানি ও গ্রিড আধুনিকীকরণ এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আসে।
বাংলাদেশ ইতোমধ্যে আরসিইপিতে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে অ্যাকসেশন প্রশ্নমালা জমা দিয়েছে এবং চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে আরসিইপি অ্যাকসেশন, জাতিসংঘ সাধারণ পরিষদে পারস্পরিক সমন্বয় এবং টিফার অধীনে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।