নিউজ ডেস্ক
রবিবার (২৩ আগস্ট), সকাল ৯টা ৩৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ডিলারদের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা, সার উত্তোলন ও গুদামে মজুত নিশ্চিত করতে হবে। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনি বার্তা জানানো এবং বিক্রয় রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত মূল্যে সার বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকি জোরদার করতে হবে। কোনো কুচক্রী মহল যেন অতিরিক্ত দামে সার বিক্রি করে তার দায় ডিলারদের ওপর চাপিয়ে দিতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
নীতিমালা লঙ্ঘন করলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিএফএ ডিলারদের স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দিয়েছে। সার বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে সংগঠনটি।