নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৬টা ৩৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত আঞ্চলিক প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। বৃহস্পতিবার রাতে দেশটির পার্লামেন্টে ২৭৯ ভোটে চুক্তিটি অনুমোদিত হয়, যেখানে বিপক্ষে ভোট দেন ১১৯ জন আইনপ্রণেতা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, এই চুক্তির ফলে তিন দেশের যেকোনো একটি আক্রান্ত হলে অন্য দুই দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়াবে।
গত আগস্ট মাসে তিন দেশ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে ন্যাটোর সদস্য তুরস্ক, পাকিস্তান এবং উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী শক্তি সৌদি আরব একটি অভিন্ন প্রতিরক্ষা কাঠামোর আওতায় যুক্ত হলো। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে তুরস্কের এবং পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ।
পার্লামেন্টে আলোচনার সময় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) আইনপ্রণেতা জিয়া আলতুনইয়ালদিজ বলেন, “এ চুক্তি কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়। বরং সংঘাত বাড়ানোর পরিবর্তে তা প্রতিরোধ করাই এর উদ্দেশ্য।”
সৌদি আরব বর্তমানে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মুখে রয়েছে। দেশটির বিভিন্ন শহর, তেল স্থাপনা ও নৌপরিবহন লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। গত জুলাই মাসে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের গৃহযুদ্ধের সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর হামলার ঘটনা আরও বৃদ্ধি পেয়েছে।