নিউজ ডেস্ক
শনিবার (৭ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘পুনরুদ্ধার’ করার সময় এসেছে বলে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ঝাড়খন্ড রাজ্যের লোকসভা সদস্য নিশিকান্ত দুবে। শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তৎকালীন ত্রিপুরা রাজ্যের অন্তর্গত এই অঞ্চলগুলো জোরপূর্বক পাকিস্তানের কাছে হস্তান্তর করেছিলেন।
নিশিকান্ত দুবে অভিযোগ করেন, তৎকালীন ‘তিপ্রা’ বা ত্রিপুরা রাজ্যের মহারাজা বীর বিক্রম সিং নেহরুর ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন এবং সিলেট ও চট্টগ্রামে গণভোটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ১৯৪৬ সালের নোয়াখালী দাঙ্গার জন্য নেহরুর রাজনৈতিক উদাসীনতাকে দায়ী করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ভারতের হাতে না থাকার কারণেই আজ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো পিছিয়ে পড়েছে।
বিজেপির এই সংসদ সদস্যের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন ত্রিপুরার রাজপরিবারের বংশধর ও ‘তিপ্রা মথা’ দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় প্রদ্যোৎ মাণিক্য দাবি করেন, দেশভাগের সময় ত্রিপুরার বিশাল অংশ পাকিস্তানকে হস্তান্তর করা এক ঐতিহাসিক ভুল ছিল। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে থাকলে শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ নিয়ে ভারতের নিরাপত্তাজনিত দুশ্চিন্তা থাকত না।
উল্লেখ্য, বিভিন্ন সময় উসকানিমূলক মন্তব্যের জন্য আলোচনায় থাকা নিশিকান্ত দুবে আদানি গ্রুপের বিতর্কিত ঝাড়খন্ড প্ল্যান্টের গোড্ডা আসন থেকে নির্বাচিত প্রতিনিধি।