নিউজ ডেস্ক
সোমবার (১৭ নভেম্বর), ২০২৬ | বিকেল ৩:২২
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শোষিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন নিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়।
দিবসটি উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম—প্রতিটি পর্যায়েই মওলানা ভাসানী গণমানুষের পক্ষে সোচ্চার ছিলেন। ক্ষমতার চেয়ে জনস্বার্থ ও ন্যায়ের প্রশ্নকে তিনি সবসময় প্রাধান্য দিয়েছেন।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা ভাসানী। তার রাজনীতির মূল শক্তি ছিল সাধারণ মানুষের সঙ্গে গভীর সংযোগ। কৃষক, শ্রমিক ও ভূমিহীন মানুষের জীবনসংগ্রামকে তিনি রাজনীতির কেন্দ্রে নিয়ে আসেন। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে ফিরে তিনি রাষ্ট্রের জবাবদিহির প্রশ্নে সক্রিয় হন। শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তার অনশন কর্মসূচি সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতার বহিঃপ্রকাশ ছিল।
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় কমিটি গঠন করেছে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কমিটির আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
এদিকে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা শুরু হয়েছে। আজ ১৭ নভেম্বর মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।