সংবাদদাতা
রবিবার (২৯ নভেম্বর) ২০২৬, সকাল ৯টা ৩০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে মীরসরাই সদর ইউনিয়ন শাখায় এই হামলার ঘটনা ঘটে। তবে শনিবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নিসংযোগের ভিডিও শেয়ার করলে বিষয়টি প্রকাশ্যে আসে।
গ্রামীণ ব্যাংক মীরসরাই সদর ইউনিয়ন শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার অফিস শেষে তিনি ও কয়েকজন কর্মী বাড়ি যান। শনিবার সকালে অফিসে এসে তিনি অগ্নিসংযোগের বিষয়টি জানতে পারেন।
ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী রণজিত কুমার নাথ বাইরে পাহারায় ছিলেন। আনোয়ার হোসেন বলেন, “ভোরে আলো ফোটার আগে গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের সামনের সাইনবোর্ড, ফটকের ভেতরে এবং দোতলার দিকে কয়েকটি পেট্রলবোমা ছোড়ে। এতে দেয়াল ও ফটকে আগুন ধরে যায়।”
নিরাপত্তাকর্মী রণজিত বিষয়টি জানালে ওপরের তলায় থাকা প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা ছুটে আসেন। তারা সবাই মিলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর ফেসবুক আইডিতে অগ্নিসংযোগের একটি ভিডিও শেয়ার করা হয়, যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে পুলিশ পৌঁছানোর পর সেখানে আগুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ওসি আরও বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে আগুনের দৃশ্য তৈরি করা হয়ে থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।