নিউজ ডেস্ক
রবিবার (২৯ নভেম্বর), ২০২৬ | রাত ৮:০০
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সরকার দ্বিমুখী নীতি পরিহার না করলে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ঘোষণা দিলে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত বিরোধী দল, তবে এর বাইরে কোনো সুযোগ নেই। রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সরকার জাতীয় ঐক্যের পরিবেশ নষ্ট করেছে। তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশে প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। সরকার এই দুটি বিষয় মেনে নিলে ঐক্যের জন্য আলাদা করে সভা বা বৈঠকের প্রয়োজন হবে না।
সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, নির্বাচনের পর ক্ষমতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির পরিবর্তন হয়নি। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি ও রাজনৈতিক কৌশলের মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে।
সরকারের একজন মন্ত্রী সংসদে দাঁড়িয়ে জুলাই সনদকে ‘অন্তহীন প্রতারণার দলিল’ বলেছেন। অথচ সরকারই জাতির সঙ্গে প্রতারণা করছে।
তিনি আরও বলেন, দেশের পরিবর্তনের আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও বর্তমানে তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। বিষয়টি দেশের জন্য হতাশাজনক বলে তিনি উল্লেখ করেন। এছাড়া জ্বালাও-পোড়াওয়ের আন্দোলনকারীদের সঙ্গে সরকারের কথিত যোগাযোগ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লব নিয়ে সরকারকে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। বিপ্লবের পক্ষে অবস্থান নিলে তারা স্বতঃস্ফূর্তভাবে সংলাপে অংশ নেবেন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম নিয়ে আয়োজিত এই সভায় দলটির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।