নিউজ ডেস্ক
রবিবার (২৯ নভেম্বর, ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখা যাবে। এছাড়া মার্কেটে সোলার প্যানেল স্থাপনের জন্য ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সভা শেষে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয় এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে যেসব মার্কেট কর্তৃপক্ষ সোলার প্যানেল স্থাপন করতে চায়, সরকার তাদের ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে।
সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। নিম্নমানের সোলার প্যানেল সরবরাহ বা স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএসটিআইকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সমিতি।
এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার বিভিন্ন সময়ে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময়সীমা নিয়ে নানা নির্দেশনা প্রদান করে। বর্তমান সিদ্ধান্তটি বিদ্যুৎ সাশ্রয় ও বিকল্প জ্বালানির ব্যবহার নিশ্চিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে।