জামালপুরে পূর্ব শত্রুতার জেরে আছান আলী (৬০) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আছান আলী জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের সদস্য। শনিবার (৩১ আগস্ট) দুপুরের দিকে লক্ষ্মীরচর ইউনিয়নের রায়েরচর মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহতের স্বজনরা জানান, আছান আলীর সঙ্গে স্থানীয় কবির আলীর নির্বাচন সংক্রান্ত বিরোধ ছিল। ইউপি সদস্য নির্বাচনে আছান আলীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জরুরি কাজে ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় কবির আলীসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আছান আলীকে মুমূর্ষু অবস্থায় ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতির হলে পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। একপর্যায়ে সেখানেও অবস্থার উন্নতি না হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় আছান আলীর মৃত্যু হয়।
জামালপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবির জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।