কুষ্টিয়ার দৌলতপুরে লাঠি দিয়ে পিটিয়ে এক মাছ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৬টার দিকে উপজেলার সুনাইকুণ্ডি লস্করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আপেল লস্কর (৫৫) ওই গ্রামের প্রয়াত আমজাদ লস্করের ছেলে। আটক সাজেদুল লস্কর (৩৭) একই গ্রামের প্রয়াত রেজান লস্করের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাজেদুল নেশাগ্রস্ত হয়ে প্রায় এলাকার বিভিন্ন লোকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এসব বিষয়ে আপেল তার চাচাতো ভাই সাজেদুলকে নিষেধ করতেন। এতে বড় ভাইয়ের ওপর ক্ষিপ্ত হন সাজেদুল।
“শনিবার আপেল ফজরের নামাজ পড়ে ভেড়ামারা বাজারে মাছ কিনতে যাচ্ছিলেন। পথে পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন সাজেদুল। এতে ঘটনাস্থলেই আপেল মারা যান। এলাকাবাসী সাজেদুলকে ধরে বেঁধে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।”
ওসি শেখ আওয়াল বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র লাঠির আঘাতে আপেলকে হত্যার অভিযোগে সাজেদুলকে আটক করা হয়েছে।আপেলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।