লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার দুপুরে মধ্য সিঙ্গিমারী সীমান্তের কাছাকাছি এ ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত হাসিবুল আলম (২৪) ওই এলাকার বাসিন্দা এবং তিনি সীমান্তে ঘাস কাটতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় ভারতের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে হাসিবুলকে ধরে নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা হাসিবুলকে তাদের গাড়িতে তোলার সময় খুব কাছ থেকে তার চোখে গুলি করে। পরে তাকে চিকিৎসার জন্য ভারতের কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে বিজিবির একটি সূত্র জানিয়েছে, তারা এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তারা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছেন এবং বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন।
সীমান্তে বিএসএফের এমন আচরণ নতুন নয়। এর আগেও বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়া এবং তাদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। আজকের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।