সিলেট প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সিলেটের বিশ্বনাথে এক মাদ্রাসাপড়ুয়া কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ৪২ বছর বয়সী এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম মো. সেলিম মিয়া। তিনি ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার ১৭ বছর বয়সী ওই কিশোরী স্থানীয় একটি মসজিদে কোরআন শিক্ষার জন্য ভর্তি হয়েছিল। অভিযোগ অনুযায়ী, মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষক সেলিম মিয়া তাকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে সিলেট শহরের একটি বাসায় নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন।
ঘটনাটি জানার পর ভুক্তভোগী কিশোরী তার পরিবারের সদস্যদের জানায়। এরপর অভিযুক্ত শিক্ষক কিশোরীর চাচাতো ভাইয়ের সঙ্গে বিষয়টি আপোষের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করেন। তবে, কিশোরীর চাচাতো ভাই স্থানীয় এক মুরব্বিকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পরই বিশ্বনাথ থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক মো. সেলিম মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পরপরই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।