ভালুকা সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের মরদেহে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে, যা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ডুবালিয়াপাড়া সংলগ্ন পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম দিপু চন্দ্র দাশ (৩০)। তিনি ওই কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে কারখানার ভেতরে একপর্যায়ে দিপু চন্দ্র দাশের বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত কারখানা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুর পর পরিস্থিতি আরও সহিংস রূপ নেয়। উত্তেজিত জনতা নিহতের মরদেহ স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। সেখানে স্লোগান দিতে দিতে মরদেহে আঘাত করা হয় এবং পরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা মরদেহটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে সেখানে আবারও আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহত দিপু চন্দ্র দাশ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা। তার পিতার নাম রবি চন্দ্র দাশ।