মোহাম্মাদপুর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাগুরার মহম্মদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হাসপাতালে রোগীদের মাঝে কম্বল বিতরণ ও প্রচারণার অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাঁদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন জামায়াতের ইউনিয়ন আমির হুসাইন আহম্মেদ কাবুল এবং স্থানীয় এক ওয়ার্ড সভাপতি। পুলিশ জানিয়েছে, তাঁরা মাগুরা-২ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী এমবি বাকরের পক্ষে ভোট চাইছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামায়াত নেতারা হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগীদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং কম্বল বিতরণ শুরু করেন। এসময় সেখানে চিকিৎসাধীন বালিদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আকবার মোল্যাকে কম্বল দিতে গেলে পরিস্থিতির অবনতি ঘটে।
হাসপাতালের ভেতরেই দুই পক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত উত্তজনা ও বিশৃঙ্খল পরিবেশে রূপ নেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা. শাহানুর জামান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান হাসপাতালে গিয়ে নির্বাচনী আইন ভঙের প্রাথমিক সত্যতা পান। এরপর ইউএনও-র নির্দেশে ওই ৫ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
ওসি মো. আশরাফুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “হাসপাতাল এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই ধরণের প্রচারণা সরাসরি আচরণবিধি লঙ্ঘন। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।” ঘটনার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।