মোঃ কামরুল ইসলাম, জেলা প্রতিনিধি | আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির ২৯৯নং সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণা তুঙ্গে উঠেছে। বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সিনিয়র জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে রাঙামাটি পৌর শ্রমিক দল। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ ভোটারদের হাতে ধানের শীষের প্রচারপত্র তুলে দিয়ে এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গণসংযোগকালে শ্রমিক দল নেতারা ভোটারদের সামনে প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের বর্ণাঢ্য কর্মজীবন যোগ্যতা ও সততা ও রাজনৈতিক প্রজ্ঞা তুলে ধরেন। তারা বলেন, দীপেন দেওয়ান কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি বিচার বিভাগে দীর্ঘ সময় সিনিয়র যুগ্ম জেলা জজ হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে পাহাড়ি-বাঙালি সকল মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।নেতাকর্মীরা ভোটারদের আশ্বস্ত করেন যে, রাঙ্গামাটির উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় একজন অভিজ্ঞ ও ন্যায়পরায়ণ জনপ্রতিনিধি হিসেবে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের বিকল্প নেই।
পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইদ্রিস হাওলাদারের নেতৃত্বে এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দুলাল মজুমদার, বাচ্চু, সাধারণ সম্পাদক সিরাজ, সাংগঠনিক সম্পাদক মোতালেব, দপ্তর সম্পাদক নিজাম হাওলাদার ও প্রচার সম্পাদক আনোয়ার।এছাড়া আরও অংশ নেন সদর থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নিজাম আকন, সহ-সভাপতি আফজাল, মোহাম্মদ মোস্তফা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আকবর এবং সহ-সংগঠনিক সম্পাদক কামাল।
এসময় পৌরসভা ও সদর থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ধানের শীষের সমর্থনে মিছিলে মিছিলে এলাকা মুখর করে তোলেন।গণসংযোগকালে সাধারণ ভোটারদের মাঝে বিলিকৃত লিফলেটে রাঙামাটির সুষম উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিচার বিভাগে কাজের অভিজ্ঞতায় ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। শ্রমিক দল নেতারা জানান, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় সুনিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।