ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন সরকারের কর্মপরিকল্পনা ও পররাষ্ট্রনীতির রূপরেখা স্পষ্ট করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি সাফ জানিয়েছেন, কোনো নির্দিষ্ট দেশকেন্দ্রিক নয়, বরং বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই পরিচালিত হবে নতুন সরকারের বৈদেশিক সম্পর্ক।
শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আল-জাজিরা, বিবিসি, এবিসি-সহ বিভিন্ন দেশের সাংবাদিকদের সাবলীলভাবে উত্তর দেন হবু প্রধানমন্ত্রী তারেক রহমান।
পররাষ্ট্রনীতি নিয়ে তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষের স্বার্থ আমাদের কাছে প্রথম। দেশের স্বার্থ ঠিক রেখে আমরা ফরেন পলিসি নির্ধারণ করব।” এ সময় পাশে থাকা দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিষয়টিকে আরও ব্যাখ্যা করে বলেন, বিএনপি ‘মাল্টিলেটারিজম’ বা বহুমুখী নীতিতে বিশ্বাসী। পারস্পরিক শ্রদ্ধা ও স্ট্র্যাটেজিক অটোনোমি বা কৌশলগত স্বায়ত্তশাসন হবে এই নীতির মূল ভিত্তি।
আঞ্চলিক সহযোগিতার বিষয়ে তারেক রহমান জানান, বাংলাদেশের উদ্যোগে গঠিত ‘সার্ক’ (SAARC)-কে পুনরায় সক্রিয় করতে চায় তাঁর সরকার। চীনের সাথে সম্পর্ক নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে চীনা বন্ধুদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং দুই দেশ আরও নিবিড়ভাবে কাজ করবে।
নির্বাচনে দুই শতাধিক আসন পাওয়ার পেছনে কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ ছিল কি না—এমন এক প্রশ্নে হাস্যোজ্জ্বল তারেক রহমান উত্তর দেন, “জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা এবং তাঁদের কনভিন্স করাটাই ছিল আমাদের আসল ইঞ্জিনিয়ারিং। আমরা সেটাতে সফল হয়েছি।” তিনি আরও যোগ করেন, একটি ভালো লক্ষ্যে পৌঁছাতে গেলে পথ কঠিন হওয়াটাই স্বাভাবিক।
বিগত সরকারের সময় প্রাতিষ্ঠানিক দলীয়করণের সমালোচনা করে তারেক রহমান বলেন, অর্থনীতি সচল করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই এখন প্রধান চ্যালেঞ্জ। সুশাসন নিশ্চিত করতে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন করার প্রতিশ্রুতি দেন তিনি।
আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান এবং পাচারকৃত অর্থ ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেন, “আইন সবার জন্য সমান। আমরা আইনের শাসন নিশ্চিত করব। মেধার ভিত্তিতে ব্যবসা-বাণিজ্যের সুযোগ তৈরি করা হবে, কোনো বিশেষ মহলকে বাড়তি সুবিধা দেওয়া হবে না।”
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতেই তারেক রহমান দলকে বিজয়ী করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান।