নিজস্ব প্রতিবেদক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আজ মঙ্গলবার বিকেলে শপথ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা। দেশের নতুন সরকারে জায়গা করে নিয়েছেন মোট ৪৯ জন সদস্য, যাদের মধ্যে অভিজ্ঞ জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বড় একটি অংশজুড়ে রয়েছেন তরুণ ও জোটসঙ্গীরা।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
মন্ত্রিসভার ২৫ জন পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের মতো পোড়খাওয়া রাজনীতিকরা। এছাড়া এজেড এম জাহিদ হোসেন এবং সাবেক মন্ত্রী এহছানুল হক মিলনও মন্ত্রিসভায় ফিরেছেন। টেকনোক্র্যাট কোটায় পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ড. খলিলুর রহমান।
এবারের মন্ত্রিসভায় ২৪ জন প্রতিমন্ত্রীর তালিকায় বড় ধরনের চমক রেখেছে বিএনপি। ছাত্র ও যুব আন্দোলনের পরিচিত মুখ সুলতান সালাহউদ্দিন টুকু, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত এবং ইশরাক হোসেনকে সরকারের অংশ করা হয়েছে।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জোটসঙ্গীদের অংশগ্রহণ নিয়ে। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং গণঅধিকার পরিষদের নুরুল হক নুর (ভিপি নুর) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এছাড়া ববি হাজ্জাজ এবং ব্যারিস্টার কায়সার কামালও এই তালিকায় রয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতিমধ্যেই তালিকাভুক্ত ব্যক্তিদের টেলিফোনে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বিকেলে শপথ গ্রহণের পর রাতেই মন্ত্রণালয় বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে। দেড় দশকেরও বেশি সময় পর ক্ষমতায় ফেরা বিএনপির এই বিশাল মন্ত্রিসভা এখন দেশ পরিচালনার দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত।