প্রিন্স মন্ডল অলিফ, স্টাফ রিপোর্টার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের ফকিরহাটে পেট্রল পাম্পে প্রবেশের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইয়াছিন শেখ (৫৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের পাগলা-শ্যামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সাতশৈয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান,ইয়াছিন শেখ মোটরসাইকেলে করে একটি ফিলিং স্টেশনে ঢুকছিলেন।এ সময় দ্রুতগতির একটি বাস তাকে আঘাত করলে তিনি গুরুতর জখম হন ।স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। সংঘর্ষে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় পিলজংগ এলাকায় ক্রেন উল্টে ইসরাফিল শেখ (২৭) আহত হয়েছেন। এছাড়া শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় এক অজ্ঞাত সাইকেল আরোহী আহত হন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।