ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সুনামগঞ্জ জেলার চারটি উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৃথক স্থানে ঘটে যাওয়া এসব ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, বজ্রপাতে নিহতদের মধ্যে ধর্মপাশা উপজেলার টগার হাওরে ধান কাটার সময় দুজন প্রাণ হারান। তারা হলেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী হবিবুর রহমান (২২) এবং জয়শ্রী ইউনিয়নের ইসলামপুর (স্বরস্বতীপুর) গ্রামের রহমত উল্লাহ (১৩)।
একই সময় জামালগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় নুর জামাল নামে আরেকজনের মৃত্যু হয়। এছাড়া তাহিরপুর উপজেলায় হাওরে হাঁস চড়ানোর সময় বজ্রপাতে আবুল কালাম নামের এক ব্যক্তি নিহত হন।
অন্যদিকে দিরাই উপজেলার চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে লিটন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পৃথক এসব ঘটনায় তিনজন আহত হয়েছেন, যাদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, এখন পর্যন্ত বজ্রপাতে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং এ বিষয়ে পুলিশ কাজ করছে।