চুয়াডাঙ্গা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ও দুপুরে পৃথক স্থানে ঘটে যাওয়া এই দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাটুদা ইউনিয়নের বোয়ালমারি গ্রামে পুকুরে ডুবে রুফাইয়িত হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে এবং মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
স্বজনরা জানান, সকালে বাড়ির পাশে খেলতে খেলতে একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় রুফাইয়িত। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর কয়েক ঘণ্টা পর দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর খামারীপাড়া এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে আনোয়ার হোসেনের নয় মাস বয়সী কন্যা আনিসা বাড়ির পাশের পানিভর্তি একটি গর্তে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, একটি ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য ঘটনাতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।