পটুয়াখালী সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কলাপাড়া উপজেলায় টানা দুই দিনের প্রবল বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে অন্তত অর্ধশতাধিক গবাদিপশুর মৃত্যু হয়েছে, যার ফলে ৩০ জনের বেশি কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া আকস্মিক কালবৈশাখী ঝড়ের সঙ্গে তীব্র বজ্রপাত উপকূলীয় এই অঞ্চলের জনজীবন বিপর্যস্ত করে তোলে। পায়রা বন্দর-সহ আশপাশের এলাকায় মাঠে বাঁধা গবাদিপশুগুলো বজ্রপাতে মারা যায়।
স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী, অনেকেই স্বাভাবিক নিয়মে গরু মাঠে বেঁধে রেখেছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু হলে মুহূর্তের মধ্যে গবাদিপশুগুলো মারা যায়। এতে প্রান্তিক কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
তবে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের প্রাথমিক তথ্যে জানা গেছে, এ ঘটনায় অন্তত ২৩ জন কৃষকের ২৯টি গরুর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অনেক কৃষক এখনও ক্ষতির তথ্য জানাননি, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
এদিকে, উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ, খাদ্য সহায়তা এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলে ঢেউটিন প্রদান করা হবে। পাশাপাশি গবাদিপশু হারানো কৃষকদের তালিকা সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।