নিজস্ব প্রতিবেদক | নাটোর
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নাটোরের বাগাতিপাড়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডুমরাই সামজানপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে জিনিয়া সুলতানা জুই (২০) নামে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাগাতিপাড়া মডেল থানা পুলিশ জানিয়েছে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহত জিনিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে খাওয়া শেষে জিনিয়া নিজের ঘরে ছিলেন। বিকেল ৫টার দিকে তার মা ঘরের ভেতরে কাঠের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি নিচে নামানো হয়।
প্রাথমিকভাবে পুলিশ ও পরিবারের সদস্যরা মনে করছেন, নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার দাবি পূরণ না হওয়ায় মায়ের প্রতি অভিমান থেকেই জুই এই চরম পথ বেছে নিয়েছেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। যেহেতু পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না, তাই আবেদনের প্রেক্ষিতে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।