নিজস্ব প্রতিবেদক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের বাজারগুলোতে আমের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। কোথাও কোথাও ১০০ টাকায় ৩ কেজি আম বিক্রি হচ্ছে। কয়েক সপ্তাহ আগেও যে আমের কেজি ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে, এখন তা নেমে এসেছে ৩৫ থেকে ৫০ টাকায়।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, বাম্পার ফলন, একসঙ্গে বিভিন্ন জাতের আম বাজারে আসা, চাহিদার তুলনায় অতিরিক্ত সরবরাহ এবং রপ্তানি সীমাবদ্ধতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, নওগাঁ, দিনাজপুর ও পার্বত্য চট্টগ্রাম থেকে ট্রাকভর্তি আম নগরীর পাইকারি বাজারে আসছে।
বর্তমানে বাজারে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, গোপালভোগ, বারি-৪ ও কাটিমনসহ প্রায় সব জনপ্রিয় জাতের আম পাওয়া যাচ্ছে। পাইকারি বাজারে কিছু আম ৩০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
চাষি ও বাগান ব্যবসায়ীরা বলছেন, দাম কমে যাওয়ায় তারা আশানুরূপ লাভ পাচ্ছেন না। তাদের দাবি, উৎপাদন বেড়েছে, কিন্তু রপ্তানি বাড়েনি। আন্তর্জাতিক পরিবহন ও প্যাকেজিং ব্যয় বেশি হওয়ায় বিদেশের বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশের আম।
তবে দাম কমায় স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। অনেকেই বলছেন, কয়েক বছর পর এবার তুলনামূলক কম দামে পরিবারের সবাইকে নিয়ে আম খাওয়ার সুযোগ তৈরি হয়েছে।