রকি হাসান, স্টাফ রিপোর্টার
শুক্রবার (১৭ জুলাই), সন্ধ্যা ৮টা ৩৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কিশোরগঞ্জ জেলা সদরের ভট্টাচার্যপাড়া ও আমাটি-শিবপুর এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জেলা সদরের সুভাষ ডাক্তারের বাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত এ সভায় বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত সামাজিক প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।
মাদক ও জুয়া বিরোধী কমিটি, কিশোরগঞ্জ সদর-এর আহ্বায়ক শামসুল ইসলাম শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা। সভায় মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
প্রধান বক্তা বিডি চ্যানেল ফোর ডটকম-এর প্রধান সম্পাদক আহমাদ ফরিদ বলেন, “সমাজ থেকে মাদক নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; প্রতিটি পাড়া-মহল্লার সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক। সভায় কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, কিশোরগঞ্জ মডেল থানার আবুল কালাম ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালী উল্লাহ রাব্বানী তৌকি, জেলা নবীন দলের সাবেক সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।