নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শুক্রবার (১৭ জুলাই), রাত ১১টা ১৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি ইজিবাইক ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বসতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শার্শা উপজেলার সবিনুর মোল্লা (৩৫), পারভেজ হোসেন (২৬), নয়ন বিশ্বাস (৩০) ও হাবিবুর রহমান হাবিব (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি চৌকস দল বসতপুর বাজারের পশ্চিম পাশে নুর মোহাম্মদের মুদি দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই চার ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত একটি সবুজ রঙের পুরাতন ইজিবাইক জব্দ করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।”