জহুরুল হক, কুষ্টিয়া প্রতিনিধি
শনিবার (১৮ জুলাই), বিকেল ৩টা ২৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই দেবীনগর এলাকার মো. ছালিম হোসেন ও খানপুর গ্রামের মো. হাসান শেখের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসান শেখকে হিজলাবট মাঠ এলাকায় পথরোধ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
এর ধারাবাহিকতায় রাত আনুমানিক ১টার দিকে দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় সামিরুল ইসলামের নেতৃত্বে ৮০ থেকে ১০০ জনের একটি দল ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলায় ফারুক হোসেন ও আব্দুল শেখ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মুল্লুক মণ্ডল নামে একজন গুরুতর আহত হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, হামলার প্রকৃত উদ্দেশ্য ও ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।