আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
শনিবার (২০ সেপ্টেম্বর) ২০২৬, বিকেল ৫টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকায় চিকিৎসা নিতে আসা এক নারীকে শ্লীলতাহানি, মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গত ১৭ সেপ্টেম্বর এ ঘটনার পর গতকাল ১৯ সেপ্টেম্বর ভুক্তভোগীর পরিবার রাজপাড়া থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে ভুক্তভোগী নারী তার স্বজনদের নিয়ে লক্ষীপুর এলাকায় ওষুধ কিনতে যান। ফেরার পথে আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌঁছালে অভিযুক্ত মাসুদ রানা তাদের গতিরোধ করেন এবং তার পরিচিত দোকান থেকে ওষুধ কেনার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে অতর্কিত হামলা চালান।
হামলাকারীরা ভুক্তভোগী নারীর ওড়না ধরে টানাটানি করে শ্লীলতাহানি করেন এবং তার স্বজনদের মারপিট করে জখম করেন। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ কমিশনারের নির্দেশে ভুক্তভোগীদের খুঁজে বের করে পুলিশ।
গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ
মামলা রুজুর পরপরই পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে মহানগর পুলিশ অভিযান পরিচালনা করে। গত রাতে লক্ষীপুর এলাকার পুরাতন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পেছন থেকে লাবিব সারাফাত রিদান (২১) ও হামিদুল আলম সনি (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে রাজশাহী মহানগর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র গাজী উর রহমান বলেন, “রাজশাহীতে চিকিৎসা সেবা প্রত্যাশী কেউ যদি দালালদের দ্বারা কোনো রকম হয়রানির শিকার হন, তবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”