মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর বাজারের বিভিন্ন জায়গার ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে উঠা অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ফরিদপুর উপজেলা প্রশাসন।
শনিবার ২৬ শে সেপ্টেম্বর বেলা ১১টার সময় ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে ইমামা বানিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে অত্র উপজেলার মাছ বাজার, তরকারি বাজার, বকুলতলা গলি, ফরিদপুর পৌরসভার সামনের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কের দুই পাশের ফুটপাতে গড়ে তুলা অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ফুটপাত, ড্রেন ও রাস্তার উপর দোকান বসানোর কারণে দীর্ঘদিন ধরে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ অভিযানের ফলে সড়ক ও ফুটপাতের জায়গা দখলমুক্ত হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না। অবৈধ উচ্ছেদ করা জায়গাগুলো যাতে পুনরায় দখল না হয়। সে বিষয়ে উপজেলা প্রশাসনের নজরদারি থাকা খুবই প্রয়োজন। তাঁরা আরও বলেন, অবৈধ দখল ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনার অনুরোধ জানান।