নিজস্ব প্রতিনিধি
শুক্রবার (২ অক্টোবর) ২০২৬, রাত ৮টা ৫৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামে মা-বাবা হারানো পাঁচ এতিম কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে আজ শুক্রবার দুপুরে অসহায় পরিবারটির হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহারের বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যান। প্রতিনিধি দলটি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং এতিম পাঁচ কন্যার সঙ্গে কথা বলেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, “তারেক রহমান দল-মত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই সংগঠনটি গঠন করেছেন। সংবাদমাধ্যমে এই পরিবারের দুর্দশার খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি তাঁর নজরে আসে এবং তিনি তাৎক্ষণিকভাবে পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।”
তিনি আরও বলেন, “তাঁর পক্ষ থেকে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা নিয়ে আমরা আজ এখানে এসেছি। এমন অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের বোঝার চাপে মাত্র ৩১ দিনের ব্যবধানে মৃত্যুবরণ করেন কৃষক আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগম। প্রথমে ফরিদা বেগমের মৃত্যু হয় এবং এর এক মাস পর নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় আবুল কালাম আজাদের মরদেহ।
এ সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।