নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভারতের রাজধানী দিল্লিতে ধর্নায় বসার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বেআইনি জমায়েতের অভিযোগে তাঁদের আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯ জানিয়েছে।
শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম ও প্রতিমা মণ্ডলসহ অন্য নেতারা।
দিল্লি পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের ধর্না তুলে নেওয়ার নির্দেশ দেয়। পুলিশের দাবি, দিল্লিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকায় পাঁচজনের বেশি মানুষের জমায়েতের ওপর বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধ অমান্য করার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্না প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
পুলিশের নির্দেশের পরও মমতা ও তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা ধর্না অব্যাহত রাখেন। এরপরই পুলিশ তাঁদের আটক করে প্রিজন ভ্যানে তোলে। তবে তাঁদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
একই দিনে কেরলের সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করেছে দিল্লি পুলিশ। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।