ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এরশাদ মিয়ার চারচালা টিনের বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর পূর্ব উত্তর পাড়ায় কবরস্থানসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে হঠাৎ এরশাদ মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনে এরশাদ মিয়ার চারচালা টিনের ঘরটি পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘরের আসবাবসহ বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ার পাশাপাশি পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। আকস্মিক এ ঘটনায় পরিবারটির মাথা গোঁজার আশ্রয় ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা বিপাকে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের ঘরবাড়িও ঝুঁকির মুখে পড়ে। তবে এলাকাবাসীর তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় পাশের বাড়িঘরগুলো রক্ষা পায়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয়ভাবে সহযোগিতার প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।